সুবল সরদার
সবাই বলল প্রেম এসেছে। আজ নাকি প্রেম দিবস। প্রেম কখন এসে চলে গেছে বুঝতে পারিনি। বসন্ত নাকি দরজায় কড়া নেড়ে গেছে সঙ্গে গোলাপ নিয়ে। প্রেমহীন পৃথিবীতে প্রেম এসেছে শুনে ভালো লাগে। প্রেম আসুক আর না আসুক, তবুও আজ প্রেম দিবস। মাত্র একটি দিন! তোমার মুখ দেখতে পেলাম না তবুও প্রেম দিবস আসে!
গোলাপ নাকি প্রেমের প্রতীক। তাজমহল, মোনালিসা,মিশরও হতে পারে প্রেমের প্রতীক । তাই প্রেম দিবসে প্রেমের সঙ্গে গোলাপ বিনিময় হয়। আজ শুধু গোলাপের সঙ্গে পরিচয় হবে। গোলাপের ওই পাপড়ি দিয়ে কেন আমার মনটা এমন ভুলিয়ে দিলে !
রূপসী পৃথিবী প্রেমাময়ী হয়ে উঠুক, গোলাপী হয়ে আরো সুন্দর হয়ে উঠুক। কেবল প্রেম পারে হৃদয় জয় করতে। প্রেম অনাবিল হাসি দান করে। প্রেমের পৃথিবী হাসিখুশির পৃথিবী হয়ে উঠুক। হে প্রেমের দেবী, তুমি পৃথিবীকে প্রেমময়ী করে তোল। রূপসী কিশোরী হয়ে প্রেম দান করুক হাতে গোলাপ নিয়ে । প্রতি মূহুর্ত প্রেমের মূহুর্ত হয়ে উঠুক।
এক মূহুর্ত তার চোখে আমার চোখ পড়ুক। মনে হয় সে নিজে একটা কোমল কমল । তার প্রতিটি পাপড়িতে লেখা থাকে আমাদের হৃদয় হারানোর কথা। আসলে প্রেমের প্রতি আমার ভীষণ টান। আমার মনের কথা। আমার প্রতিটি অনুভূতি তাকে ঘিরে আবর্তিত হয়। মনে হয় প্রেম আছে বলে এই পৃথিবী আছে। এই পৃথিবী আছে বলে তুমি আছ আর তুমি আছ বলে আমার অস্তিত্ব আছে। আমার অস্তিত্বের অস্থিরতা শুধু তোমাকে নিয়ে। সে তোমার জন্যে অপেক্ষা করছে। প্রেম দিবসে তোমার গোলাপ পেলেই সে কৃষ্ণচূড়ার মতো রাঙা হয়ে উঠবে। পলাশ, শিমুল ফাগুন হাওয়ায় হাওয়ায় খেলা করবে। আমি তাকে ভালোবাসি হৃদয় দিয়ে, শুধু গোলাপ দিয়ে নয়; ঠোঁটের চুম্বনে । আমাদের প্রেম জেগে থাকে কবিতায়, বসন্তের চির সবুজ পাতায়,নদী, অরণ্যে, বৃষ্টিতে। শাওন ধারা ঝরুক তোমার হৃদয়ে। প্রেম দিবস মানে হৃদয় নেওয়া -দেওয়ার দিন। আমার এই হৃদয় শুধু তোমার জন্যে, প্রিয়। প্রেম দিবসে শুধু একটি গোলাপ,একটি প্রাণ জেগে রয় । আমি তোমাকে ভালোবাসি শতরূপে শতবার যুগে যুগে অনিবার প্রেম দিবস -সেই কথা বলে শুধু কানে কানে। ভ্যালেন্টাইন ডে বা প্রেম দিবসের জয় হোক।

