- মোট ঋণ পোর্টফোলিও (Loan Book) 16% বৃদ্ধি পেয়ে ₹1.56 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে
- মোট আমানত (Deposits) 7% বৃদ্ধি পেয়ে ₹1.65 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে
- মোট আমানতের মধ্যে খুচরা আমানতের (Retail Deposits) অংশীদারিত্ব 74%
- CASA অনুপাত দাঁড়িয়েছে 29.4%
কলকাতা, 21 জুলাই 2026: বন্ধন ব্যাঙ্ক FY26-27-এর প্রথম ত্রৈমাসিকের (Q1) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ব্যাঙ্কের মোট ব্যবসা 11%-এরও বেশি বৃদ্ধি পেয়ে ₹3.2 লক্ষ কোটির বেশি হয়েছে। মোট আমানতের মধ্যে খুচরা আমানতের অংশীদারিত্ব বর্তমানে প্রায় 74%। FY26-27 অর্থবর্ষে এই প্রবৃদ্ধির মূল ভিত্তি ছিল ব্যাঙ্কের সম্প্রসারিত বিতরণ নেটওয়ার্ক, উন্নত পরিচালন দক্ষতা এবং উৎকর্ষ অর্জনের ধারাবাহিক প্রচেষ্টা। Q1 FY27-এ ব্যাঙ্কের নিট মুনাফা (Net Profit) হয়েছে ₹502 কোটি।
বর্তমানে বন্ধন ব্যাঙ্ক দেশের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 35টিতে প্রায় 6,400টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে প্রায় 3.2 কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। ব্যাঙ্কে কর্মরত কর্মীর সংখ্যা 74,500-এরও বেশি।
Q1 FY26-27-এ ব্যাঙ্কের আমানত ভান্ডার (Deposit Base) বার্ষিক ভিত্তিতে 7% বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানত দাঁড়িয়েছে ₹1.65 লক্ষ কোটি। একই সময়ে মোট অগ্রিম (Advances) বেড়ে হয়েছে ₹1.56 লক্ষ কোটি। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত দাঁড়িয়েছে 29.4%। আর্থিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ সূচক ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR) রয়েছে শক্তিশালী 18.2%-এ, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম সীমার অনেক উপরে।
ব্যাঙ্কের এই পারফরম্যান্স সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী আধিকারিক (MD & CEO) পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “FY2026-27-এর প্রথম ত্রৈমাসিকে আমাদের ফলাফল দেখায় যে বন্ধন ব্যাঙ্কের ভিত্তি কতটা শক্তিশালী, আমাদের সহকর্মীরা কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং গ্রাহক ও অন্যান্য অংশীজনরা আমাদের উপর কতটা ভরসা রাখছেন। এই ইতিবাচক ধারা বজায় রেখে আমরা গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে এবং প্রযুক্তির সাহায্যে ব্যবসা আরও বাড়ানোর দিকে এগিয়ে চলেছি। আমাদের শাখা ও পরিষেবা নেটওয়ার্ক আরও শক্তিশালী করা, নতুন নতুন পণ্য ও পরিষেবা চালু করা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা গ্রাহক ও অংশীজনদের জন্য আরও ভালো মূল্য তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা দীর্ঘমেয়াদি, সুষম ও স্থায়ী প্রবৃদ্ধির পথেই এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ব্যাঙ্ক বিভিন্ন ধরনের ঋণ ও ব্যবসার মাধ্যমে তার ব্যবসাকে আরও বৈচিত্র্যময় করার উপর জোর দিচ্ছে। বিশেষভাবে খুচরা ঋণ ব্যবসা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কাজের গতি ও দক্ষতা বাড়ানো এবং গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ ব্যাঙ্কের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে রয়েছে।

