ন-পাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির রজত জয়ন্তী: ২৫ বছরের গৌরবময় সেবাপথ উদযাপন

কলকাতা ৭ ডিসেম্বর, ২০২৫: সামাজিক কাজ ও জনকল্যাণে সুদীর্ঘ ২৫ বছর (২০০০-২০২৫) পূর্ণ করা উপলক্ষে ন-পাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (Noapara Vivekananda Social Welfare Society) ৭ ডিসেম্বর, রবিবার, তাদের প্রাঙ্গণে রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। বরানগরের এই সুপরিচিত স্বেচ্ছাসেবী সংস্থাটি দীর্ঘ ২৫ বছরের সেবাকার্যকে সম্মান জানাতে এই দিনটিকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখে। সকাল থেকে বিকেল পর্যন্ত হওয়াা এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল সাফল্য:
রজত জয়ন্তী উদযাপনের এই দিনে সমাজের পিছিয়ে পড়া মানুষজনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। দিনব্যাপী আয়োজিত প্রধান কর্মসূচিগুলি সফলভাবে সম্পন্ন হয়েছে:
১) সেনাবাহিনীর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির: দেশ সেবার অঙ্গীকার নিয়ে ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশ্যে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, যেখানে ৫০ জন মানুষ রক্তদান করে এই মহৎ উদ্যোগকে সফল করেছেন।
২) বিশেষভাবে সক্ষমদের খাদ্যসামগ্রী বিতরণ: সমাজের ২৫ জন বিশেষভাবে সক্ষম (Differently Abled) ব্যক্তির হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
৩) প্রান্তিক প্রতিনিধিদের সম্মাননা প্রদান: সমাজের পিছিয়ে পড়া বা প্রান্তিক শ্রেণীর ২৫ জন প্রতিনিধিকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে, যা তাঁদের আগামীদিনে এগিয়ে আরও উৎসাহিত করবে।
সহযোগী ও শুভানুধ্যায়ীদের সংবর্ধনা: বিগত ২৫ বছরের যাত্রাপথে যাঁরা সংগঠনের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেছেন, সেই সকল সহযোগী, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধিত করা হয়েছে।

বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি—
মহৎ এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়, বিধায়ক, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক তাপস চ্যাটার্জি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার মেয়র পারিষদ অরিত্রিকা ভট্টাচার্য, বরানগর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী সুরাত্মানন্দজী মহারাজ, রঙ্গোলি শাড়ি প্রতিষ্ঠানের কর্ণধার নিখিল জৈন, এ টি কে—এর প্রাক্তন ফুটবলার মহম্মদ রফিক, ফিফার রেফারি প্রাঞ্জল ব্যানার্জি, ইন্ডিয়ান নেশন টিমের প্রাক্তন ফুটবলার প্রতাপ সেনাপতি, সমাজসেবক গৌতম ঘোষাল, কামারহাটির কাউন্সিলার দীপাংশু ঘোষাল, অভিনেতা সৌরভ চ্যাটার্জি, বরানগর পৌরসভার স্থানীয় কাউন্সিলার সুনাথ বিশ্বাস এবং শম্পা কুণ্ডু প্রমুখ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মূল্যবান বক্তব্য ও আশীর্বাদ সংগঠনকে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।
সোসাইটির সভাপতি সংগ্রাম বিশ্বাস, সম্পাদক রাজু সোম, রজত জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি অঞ্জন পাল (সিআইসি, বরানগর পৌরসভা), আহ্বায়ক সোমনাথ ভট্টাচার্য, শুভ্রাংশু বসু এই সফল আয়োজনে সকল অংশগ্রহণকারী, সহযোগী ও গণমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

ন-পাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পর্কে:
ন-পাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি হল নীতি আয়োগ (NGO Darpan) এবং পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রিকৃত একটি সংস্থা, যা ২০০০ সাল থেকে জনকল্যাণে কাজ করে চলেছে। তাদের সমস্ত অনুদান আয়কর আইনের 80G ধারা এবং FCRA আইনের অধীনে করমুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *