শিল্পীদের নতুন মঞ্চ ‘পারফরমেন্স অফ বেঙ্গল’

বুধবার, ১৭ জুন বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ-এর নেতৃত্বে টলিউডে গঠিত হল শিল্পীদের একটি নতুন ফোরাম। এই নতুন সংগঠনের নাম রাখা হয়েছে ‘পারফরমেন্স অফ বেঙ্গল’। মূলত গায়ক, গায়িকা এবং সংগীতশিল্পীদের বিভিন্ন সমস্যা, দাবি ও মতামতকে একত্রিত করে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যেই এই ফোরাম গঠন করা হয়েছে।

এদিন অনুষ্ঠিত প্রথম বৈঠকে মূলত সংগীত জগতের বহু পরিচিত শিল্পী উপস্থিত ছিলেন। বৈঠকে দেখা যায় বিশিষ্ট সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার, ‘শহর’ ব্যান্ডের অনিন্দ্য বসু, রাঘব চট্টোপাধ্যায় এবং সিধু-সহ আরও একাধিক গানের শিল্পী। ফোরামের সদস্যরা নিজেদের মতামত, সমস্যা এবং প্রস্তাব তুলে ধরবেন। পরে সেই বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুদ্রনীল ঘোষ জানান, ‘পারফরমেন্স অফ বেঙ্গল’ শিল্পীদের জন্য একটি নিরপেক্ষ ও অরাজনৈতিক মঞ্চ। তিনি বলেন, এখানে যাঁরা রয়েছেন তাঁরা সকলেই নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত এবং মানুষের ভালোবাসা অর্জন করেছেন। শুধু গায়ক-গায়িকাই নন, সংগীতশিল্পীরাও এই মঞ্চের অংশ হবেন। শিল্পীদের স্বার্থ রক্ষা এবং তাঁদের ন্যায্য দাবিগুলিকে সামনে আনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রুদ্রনীল আরও দাবি করেন, গত ১০ থেকে ১৫ বছর ধরে শিল্পী জগতে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল যেখানে কিছু মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করত কে শিল্পী হিসেবে কাজের সুযোগ পাবেন এবং কে পাবেন না। তাঁর কথায়, মানুষের আশীর্বাদ ও গণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে সেই ব্যবস্থার পরাজয় হয়েছে। নতুন এই মঞ্চ শিল্পীদের স্বাধীনভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ করে দেবে বলেও তিনি মনে করেন।
এদিন বৈঠকে শিল্পীদের বিভিন্ন দাবি ও সমস্যার কথাও উঠে আসে। বিগত কয়েক মাসে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে শিল্পীদের নানা ধরনের অসুবিধার মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ ওঠে। বিশেষ করে মহিলা শিল্পীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। অনুষ্ঠানে যাতায়াত, কাজের পরিবেশ এবং শো চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এছাড়াও বাংলা গানের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিল্পীরা। তাঁদের অভিযোগ, বর্তমানে বিভিন্ন এফএম রেডিও চ্যানেলে বাংলা অরিজিনাল গান বা অ্যালবামের গান খুব কম শোনা যায়। বাংলার মাটিতে বাংলা গানের যথাযথ গুরুত্ব দেওয়া উচিত বলে মত প্রকাশ করেন তাঁরা। আলোচনার মাধ্যমে রেডিও চ্যানেলগুলিতে বাংলা মৌলিক গান সম্প্রচারের পরিমাণ বাড়ানোর জন্যও আবেদন জানানো হয়েছে।

শিল্পীদের এই দাবিগুলি গ্রহণ করে রুদ্রনীল ঘোষ বলেন, বর্তমান সরকার নারী নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সচেতন এবং কঠোর অবস্থান নিয়েছে। শিল্পীদের সম্মান ও নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশ্বাস দেন, শিল্পীদের সমস্ত দাবি ও প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে এবং বিষয়গুলি নিয়ে প্রয়োজনীয় আলোচনা করা হবে।

নতুন এই ফোরাম গঠনের ফলে বাংলা সংগীত জগতের শিল্পীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি সংগঠিতভাবে তুলে ধরার একটি নতুন মঞ্চ তৈরি হল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *