বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুটি বিশেষ ফিলাটেলিক কভার (ডাক-স্মারক খাম) প্রকাশ

টেকসই জীবনযাত্রা ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে কলকাতা জিপিও-র ফিলাটেলিক ক্লাবে এই প্রকাশনা অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের মাননীয় চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রী অশোক কুমার; দক্ষিণবঙ্গ অঞ্চল এবং পশ্চিমবঙ্গ সার্কেলের মেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট-এর পোস্টমাস্টার জেনারেল শ্রী রিজু গাঙ্গুলি; এবং ডাক বিভাগের বহু আধিকারিক, কর্মী ও আমন্ত্রিত অতিথিবর্গ।

পশ্চিমবঙ্গ সার্কেলের মাননীয় চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রী অশোক কুমার বলেন, “এই বিশেষ কভারটি প্রকাশের মাধ্যমে ডাক বিভাগ প্লাস্টিক দূষণজনিত পরিবেশগত ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চায়। পাশাপাশি, এটি ‘সিঙ্গেল-ইউজ’ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন, পুনর্ব্যবহার (রিসাইক্লিং) প্রক্রিয়ার উন্নয়ন এবং আমাদের নিজস্ব ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা টেকসই বিকল্পগুলিকে তুলে ধরার একটি সামগ্রিক প্রচেষ্টাকেই নির্দেশ করে।” তিনি আরও বলেন, “প্রাকৃতিক তন্তু ব্যবহার করে দক্ষ কারিগরদের হাতে বোনা শীতলপাটি মাদুর কেবল একটি পরিবেশ-বান্ধব সমাধানই দেয় না, বরং বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেও তুলে ধরে।”

শ্রী অশোক কুমার আরও যোগ করেন, “বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে ডাক বিভাগ নাগরিকদের পরিবেশ ও মানবস্বাস্থ্যের প্রতি বর্তমান হুমকি মোকাবিলায় এগিয়ে আসতে এবং টেকসই অভ্যাস গড়ে তোলার পাশাপাশি স্থানীয় কারুশিল্পকে সমর্থন ও উৎসাহিত করতে আহ্বান জানাচ্ছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *