২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভাবনীয় সাফল্যকে সামনে রেখে উত্তর কলকাতা সাংগঠনিক জেলার ২ নম্বর মণ্ডলের অধীন ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের অধ্যক্ষ রাকেশ সাহানি।
এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার সহাধ্যক্ষ যশবন্ত সিং, রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, উত্তর কলকাতা সাংগঠনিক জেলার অধ্যক্ষ তমোঘ্ন ঘোষ, জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিজয় ওঝা এবং ২ নম্বর মণ্ডলের অধ্যক্ষ জয়নারায়ণ সিং সহ দলের একাধিক বিশিষ্ট নেতা ও কর্মী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বিধানসভা নির্বাচনে দলের সাফল্যের জন্য সাধারণ মানুষ, সমর্থক এবং তৃণমূল স্তরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান সম্পর্কে ৪০ নম্বর ওয়ার্ডের অধ্যক্ষ রাকেশ সাহানি জানান, “অনুষ্ঠানের প্রথমার্ধে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দ্বিতীয়ার্ধে ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথের তৃণমূল স্তরের কর্মীদেরও তাঁদের নিরলস পরিশ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবে সংবর্ধিত করা হয়েছে।”
উল্লেখ্য, নির্বাচনী সাফল্যের পর কর্মী ও নেতৃত্বের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কর্মীদের মধ্যে আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

